লিখেছেন ট্রিয়ানা নয়নতারা হাফিজ
আমি একজন ট্রান্সজেন্ডার নারী এবং বাংলাদেশের একজন শিক্ষিত নাগরিক। আমি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি এবং দীর্ঘদিন ধরে উন্নয়ন খাতে পেশাজীবী হিসেবে কাজ করছি। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। একজন নাগরিক হিসেবে আমি সবসময় আইন মেনে চলেছি, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এবং সমাজে ইতিবাচক অবদান রাখার চেষ্টা করেছি। কিন্তু আমার লিঙ্গ পরিচয়ের কারণে বারবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, যা আমাকে শুধু অপমানিতই করেনি, বরং আমার মানবিক মর্যাদা, নিরাপত্তাবোধ এবং নাগরিক অধিকার সম্পর্কে গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
১৭/০৬/২০২৬ তারিখে আমি আমার ব্র্যাকের সাবেক সহকর্মীদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে উখিয়ার কুতুপালং অফিসে যাই। অফিস শেষে তাদের সঙ্গে দেখা করার পর উখিয়ায় আমার আরও কয়েকজন পরিচিত বন্ধু ও সহকর্মীর সঙ্গে সাক্ষাৎ করি। সন্ধ্যা আনুমানিক ৮:৩০টার দিকে মরিচ্যা চেকপোস্ট অতিক্রম করার সময় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আমাদের সিএনজিটি থামানো হয়।
সিএনজিতে আমার পাশাপাশি আরও দুইজন নারী ও একজন পুরুষ যাত্রী ছিলেন। প্রথমে একজন বিজিবি সদস্য সিএনজির ভেতরে টর্চের আলো ফেলে জিজ্ঞাসা করেন, “কোথায় যাবেন?” আমি উত্তর দিই যে আমি কক্সবাজার যাচ্ছি এবং উখিয়ায় এসেছিলাম আমার সাবেক সহকর্মীদের সঙ্গে দেখা করতে। এরপর তিনি পাশের যাত্রীদের উদ্দেশে জানতে চান আমরা একসঙ্গে কি না। আমি জানাই যে আমি একাই ভ্রমণ করছি।
এরপর তিনি আরেকজন বিজিবি সদস্যকে ডেকে বলেন, “এই পিসটা দেখেন তো।” এই মন্তব্যটি শুনে আমি সঙ্গে সঙ্গে অস্বস্তি অনুভব করি। একজন পূর্ণবয়স্ক নাগরিককে তার পরিচয় বা নামের পরিবর্তে “পিস” বলে সম্বোধন করা আমাকে গভীরভাবে অপমানিত করে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, আমাকে একজন মানুষ হিসেবে নয়, বরং একটি অদ্ভুত বস্তু বা কৌতূহলের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
এরপর আরেকজন বিজিবি সদস্য এগিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে তিনি সিএনজিতে থাকা অন্য দুইজন নারী যাত্রীর দিকে তাকিয়ে জানতে চান, “আপনারা কোথায় যাবেন?” একজন উত্তর দেন যে তিনি কক্সবাজার যাবেন এবং অন্যজন জানান যে তিনি ঢাকায় যাবেন। তাদের দুজনকেই তিনি সম্মানসূচক ভাষায় “আপনি” বলে সম্বোধন করেন। কিন্তু শেষে যখন আমাকে জিজ্ঞেস করেন আমাকে বলেন যে “ তুই কোথায় যাবি?
এই আচরণ আমাকে তাৎক্ষণিকভাবে অস্বস্তিকর ও অপমানিত বোধ করায়। কারণ একই গাড়িতে থাকা অন্য যাত্রীদের প্রতি যেখানে সম্মানজনক ভাষা ব্যবহার করা হচ্ছিল, সেখানে শুধুমাত্র আমার ক্ষেত্রে অবমাননাকর ও অসম্মানসূচক সম্বোধন ব্যবহার করা হয়। একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমার কাছে এটি স্পষ্টভাবে বৈষম্যমূলক আচরণ বলে মনে হয়েছে। সেই মুহূর্তে আমি অনুভব করি যে আমাকে অন্য যাত্রীদের সমমর্যাদার একজন নাগরিক হিসেবে নয়, বরং আমার লিঙ্গ পরিচয়ের কারণে আলাদাভাবে এবং নিচু চোখে দেখা হচ্ছে।
একজন শিক্ষিত, কর্মজীবী এবং প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি যে রাষ্ট্রের সকল প্রতিনিধির কাছ থেকে ন্যূনতম সম্মানজনক আচরণ পাওয়া আমার অধিকার। তাই এই ভিন্নতর সম্বোধন আমাকে শুধু ব্যক্তিগতভাবে অপমানিতই করেনি, বরং আমার মনে হয়েছে যে আমার লিঙ্গ পরিচয়ের কারণেই আমাকে অন্যদের তুলনায় কম মর্যাদার ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এরপর তিনি আমাকে প্রশ্ন করেন, “তুই কি তৃতীয় লিঙ্গ?” আমি উত্তরে বলি যে আমি একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি। এরপর তিনি আমাকে সিএনজি থেকে নিচে নামতে বলেন।
নিচে নামার পর আমি তার সামনে দাঁড়ালে তিনি কিছুক্ষণ আমার দিকে গভীরভাবে তাকিয়ে থাকেন। তার দৃষ্টিভঙ্গি, মুখের অভিব্যক্তি এবং আচরণ আমাকে অত্যন্ত অস্বস্তিকর অনুভূতির মধ্যে ফেলে। আমার ব্যক্তিগত অনুভূতি ছিল যে তিনি আমাকে একজন সাধারণ যাত্রী বা নাগরিক হিসেবে দেখছিলেন না; বরং আমার শরীর ও লিঙ্গ পরিচয় সম্পর্কে এক ধরনের অস্বাভাবিক কৌতূহল ও আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছিলেন। তার চোখেমুখে এমন এক ধরনের উত্তেজনা ও সন্তুষ্টির ছাপ আমি লক্ষ্য করি, যা আমাকে নিরাপদ বা সম্মানিত বোধ করায়নি। বরং একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমি নিজেকে অনাকাঙ্ক্ষিত নজরদারি ও মূল্যায়নের মধ্যে আবদ্ধ বলে অনুভব করছিলাম।
এরপর তিনি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত অস্বস্তিকর, অবমাননাকর এবং কৌতূহলমিশ্রিত ভঙ্গিতে প্রশ্ন করেন, “ছেলে হিজড়া নাকি মেয়ে হিজড়া?” প্রশ্নটির ভাষা, উচ্চারণ এবং বলার ধরন আমাকে গভীরভাবে আহত করে। আমি অনুভব করছিলাম যে আমার ব্যক্তিগত পরিচয়কে সম্মান করার পরিবর্তে সেটিকে উপহাস, তাচ্ছিল্য এবং জনসমক্ষে প্রদর্শনের বিষয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি কিছু বলার আগেই তিনি পাশে থাকা অন্য সদস্যদের উদ্দেশে ইঙ্গিত করে বলেন, “এ তো ভয় পাচ্ছে।”
সেই মুহূর্তে আমি সত্যিই ভীত হয়ে পড়েছিলাম। শুধু এই কারণে নয় যে আমি একা ছিলাম বা চারপাশে কয়েকজন সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন, বরং আমার এই ভয়ের পেছনে বাস্তব অভিজ্ঞতাজনিত কারণও ছিল। চেকপোস্টটিতে তখন আরও কয়েকজন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন এবং একাধিক সিএনজি তল্লাশির জন্য লাইনে অপেক্ষা করছিল। ফলে ঘটনাগুলো অনেক মানুষের সামনেই ঘটছিল। তবুও আমি নিজেকে নিরাপদ অনুভব করছিলাম না।
আমার ভয়ের অন্যতম কারণ ছিল, এর আগেও একই চেকপোস্টে আমি অপমানজনক ও হয়রানিমূলক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। পূর্বের এক ঘটনায় একজন বিজিবি সদস্য তল্লাশির সময় সরাসরি আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করেন। আমি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে জিজ্ঞাসা করি, “আপনি কেন আমার বুকে হাত দিচ্ছেন?” আমার জানা মতে, পুরুষ যাত্রীদের ক্ষেত্রে কখনও কখনও শরীরে স্পর্শ করে তল্লাশি করা হয় তারা কোনো অবৈধ বস্তু বহন করছে কি না তা যাচাই করার জন্য। কিন্তু একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমার শরীরের সংবেদনশীল অংশে এভাবে স্পর্শ করা আমাকে অত্যন্ত অস্বস্তিকর ও অপমানিত বোধ করায়।
আমার প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তাহলে কি তোমাকে এখন মহিলা সদস্য দিয়ে চেক করতে হবে?” আমি জবাবে বলি, “সেটা কীভাবে হবে আমি জানি না, কিন্তু আপনি আমার বুকে হাত দেবেন, এতে আমি স্বস্তিবোধ করছি না।”
আমার এই আপত্তি জানানোর পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। আমাকে এবং আমার সঙ্গে থাকা এক বন্ধুকে সিএনজি থেকে নামিয়ে দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখা হয়। আমার দৃঢ় বিশ্বাস, এটি কোনো নিরাপত্তাজনিত প্রয়োজনের কারণে নয়; বরং আমি তাদের আচরণের বিরুদ্ধে প্রশ্ন তোলায় এক ধরনের শাস্তিমূলক আচরণ হিসেবে করা হয়েছিল। সেই অভিজ্ঞতা আমার মনে গভীর ভয়, অপমান এবং অসহায়ত্বের অনুভূতি তৈরি করেছিল।
ফলে ১৭ জুন ২০২৬ সালের ঘটনায় যখন আমাকে আবার একই চেকপোস্টে আলাদা করে চিহ্নিত করা হয়, বারবার প্রশ্ন করা হয়, তখন আমার ভয় পাওয়া অস্বাভাবিক ছিল না। বরং পূর্বের অভিজ্ঞতার আলোকে আমি আশঙ্কা করছিলাম যে পরিস্থিতি আবারও এমন কোনো দিকে যেতে পারে, যেখানে আমার ব্যক্তিগত মর্যাদা, শারীরিক সীমানা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
বাস্তবতা হলো, এর আগেও একই চেকপোস্টে আমি হয়রানি ও অপমানজনক আচরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। তাই এই ঘটনার সময় আমি বিস্মিত হইনি; বরং আমার মনে হচ্ছিল, আমি যেন পূর্বপরিচিত একটি অভিজ্ঞতার পুনরাবৃত্তি দেখছি। একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমি বহুদিন ধরেই বুঝতে শিখেছি যে সমাজের বিভিন্ন স্তরে বৈষম্য ও অসম আচরণের মুখোমুখি হতে হতে পারে। কিন্তু যখন সেই একই অভিজ্ঞতা বারবার রাষ্ট্রের প্রতিনিধিদের কাছ থেকেই আসে, তখন সেটি আর শুধুমাত্র ব্যক্তিগত অপমানের ঘটনা থাকে না।
আমার কাছে এটি এমন একটি বাস্তবতার প্রতিফলন, যেখানে একজন ট্রান্সজেন্ডার নাগরিকের উপস্থিতি, চলাফেরা, পেশাগত যোগাযোগ কিংবা সামাজিক সম্পর্ককে এখনও অনেক সময় স্বাভাবিক নাগরিক জীবনের অংশ হিসেবে দেখা হয় না। ফলে আমি অনুভব করি, আমার প্রতিটি পদক্ষেপের জন্য এমন ব্যাখ্যা দিতে হয়, যা অন্য নাগরিকদের ক্ষেত্রে প্রয়োজন হয় না।
এ কারণেই ঘটনাটি আমার কাছে শুধু কয়েকটি অপমানজনক মন্তব্য বা অপ্রয়োজনীয় প্রশ্নের অভিজ্ঞতা নয়; বরং এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ভেতরে ট্রান্সজেন্ডার মানুষদের প্রতি বিদ্যমান দৃষ্টিভঙ্গি, ক্ষমতার ব্যবহার এবং নাগরিক মর্যাদার প্রশ্নকে সামনে নিয়ে আসে।
এরপর তারা আমার ব্যাগ তল্লাশি করেন এবং আমি স্বেচ্ছায় আমার ওয়ালেটও খুলে দেখাই। আমার ওয়ালেটে প্রায় ৪,০০০ টাকা ছিল। টাকা দেখে একজন সদস্য বলেন, “তোর কাছে এত টাকা কেন?” এ প্রশ্নের মধ্যে আমি এমন একটি সন্দেহের ইঙ্গিত অনুভব করি, যেন আমার কাছে কিছু টাকা থাকা অস্বাভাবিক। একজন কর্মজীবী, শিক্ষিত এবং স্বাধীনভাবে চলাফেরা করা নাগরিক হিসেবে এটি আমার কাছে অপমানজনক মনে হয়েছিল।
ততক্ষণে আমি দৃশ্যতই নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার হাত কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল এবং আমি ক্রমাগত অনিশ্চয়তার মধ্যে ছিলাম। তখন একজন সদস্য অন্যজনকে উদ্দেশ করে বলেন, “এর তো সারা শরীর কাঁপতেছে।” কিন্তু তারা একবারও বিবেচনা করেননি যে তাদের আচরণ, প্রশ্ন এবং দৃষ্টিভঙ্গিই আমাকে ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছিল।
এই পুরো সময়ে সংশ্লিষ্ট সদস্যের দৃষ্টিভঙ্গি এবং আমার শরীরের প্রতি তার নজর আমাকে অত্যন্ত অস্বস্তিকর অনুভূতির মধ্যে ফেলেছিল। তার চোখে আমি এমন এক ধরনের কৌতূহল ও যৌনায়িত দৃষ্টি অনুভব করেছি, যা একজন নাগরিককে নিরাপত্তা প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তার আচরণের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমি নিজেকে নিরাপদ নয়, বরং পর্যবেক্ষণের বস্তু এবং অনাকাঙ্ক্ষিত দৃষ্টির লক্ষ্যবস্তু বলে অনুভব করছিলাম।
এরপর তিনি বলেন, “তোরে তো চেক করতে হবে।”
এরপর তিনি আমাকে বলেন, “এই, তুই এদিকে আয়,” এবং রাস্তার পাশ থেকে একটু দূরে, মূল সড়ক ও অপেক্ষমাণ অন্যান্য যাত্রীদের ভিড় থেকে কিছুটা আলাদা একটি স্থানের দিকে ইশারা করেন, যেখানে বিজিবি সদস্যদের একটি কক্ষ ছিল। সেই মুহূর্তে আমি আরও অস্বস্তি ও ভয় অনুভব করতে শুরু করি। কারণ আমি বুঝতে পারছিলাম না কেন আমাকে অন্য যাত্রী ও আশপাশের লোকজন থেকে আলাদা করে সেখানে যেতে বলা হচ্ছে বা সেখানে গিয়ে কী ঘটতে পারে। যদিও তখন চেকপোস্টে অন্যান্য বিজিবি সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, তবুও আমাকে যে স্থানের দিকে যেতে বলা হচ্ছিল তা মূল সড়ক ও অপেক্ষমাণ যাত্রীদের ভিড় থেকে আলাদা এবং তুলনামূলকভাবে কম দৃশ্যমান ছিল। একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে, বিশেষ করে একই চেকপোস্টে পূর্বে অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর, পরিস্থিতিটি আমার কাছে নিরাপদ বলে মনে হয়নি। বরং আমার মনে হচ্ছিল আমি এমন একটি অবস্থার দিকে এগোচ্ছি, যেখানে আমার ওপর কী ধরনের আচরণ করা হবে সে বিষয়ে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এই অনুভূতিই আমাকে আরও ভীত ও অসহায় করে তুলছিল।
আমি তার সঙ্গে হাঁটতে শুরু করলে পেছন থেকে আরেকজন সদস্য বলেন, “আর যেয়েন না।” এ কথা শোনার পর তিনি থেমে যান এবং আমিও দাঁড়িয়ে পড়ি।
এরপর তিনি আমাকে জিজ্ঞাসা করেন, “তোর কাছে কী আছে?” আমি বলি যে আমার কাছে কোনো নিষিদ্ধ বা সন্দেহজনক কিছু নেই। তখন তিনি আমাকে বলেন, “প্যান্ট উঁচু কর।”
সেদিন আমার পরনে একটি ঢিলেঢালা জাম্পস্যুট ছিল। আমি পায়ের দিক থেকে কাপড় কিছুটা ওপরে তুলি। তখন তিনি আরও ওপরে তুলতে বলেন। আমি প্রায় হাঁটু পর্যন্ত এক পায়ের অংশ উন্মুক্ত করলে পেছন থেকে আরেকজন সদস্য বলেন, “বাদ দেন।”
এই পুরো সময়ে আমি মূলত তার নির্দেশনা অনুসরণ করছিলাম। সেই মুহূর্তে আমার মানসিক অবস্থা ছিল অত্যন্ত অস্থির ও চাপপূর্ণ। ভয়, অস্বস্তি, ঘৃণা এবং দুঃখ একসঙ্গে কাজ করছিল। আমি কী করছি বা কতটা তুলছি—এ বিষয়ে পরিষ্কারভাবে ভাবতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি এক ধরনের মানসিক শূন্যতা বা স্থবির অবস্থার মধ্যে আছি, যেখানে কেবল নির্দেশনা অনুসরণ করাই আমার একমাত্র প্রতিক্রিয়া হয়ে দাঁড়িয়েছিল।
এরপর তিনি আমাকে উদ্দেশ করে বলেন, “তোর তো নিচে কিছুই পরা নেই,” এবং কথাটি বলার সময় অত্যন্ত অশোভন, ইঙ্গিতপূর্ণ ও অপমানজনক ভঙ্গিতে হাসতে থাকেন। শুধু তাই নয়, তিনি আশপাশের অন্য সদস্যদেরও ডেকে একই মন্তব্য পুনরায় করেন—“আরে, ওর নিচে তো কিছুই নেই।”
এই মুহূর্তটি আমার জন্য ছিল পুরো ঘটনার সবচেয়ে অপমানজনক অংশগুলোর একটি। একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমার শরীর, পোশাক এবং ব্যক্তিগত গোপনীয়তাকে জনসমক্ষে এভাবে উপহাসের বিষয় বানানো আমার মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। আমি অনুভব করছিলাম যেন আমাকে একজন মানুষ হিসেবে নয়, বরং বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। উপস্থিত অন্য সদস্যরা কোনো মন্তব্য করেননি বা পরিস্থিতিতে হস্তক্ষেপ করেননি। তাদের নীরবতা আমাকে এমন একটি অনুভূতি দিয়েছিল যে, যা ঘটছিল তা হয়তো তাদের দৃষ্টিতে অস্বাভাবিক বা অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। সেই নীরব উপস্থিতি পুরো পরিস্থিতিকে আরও একপেশে করে তুলেছিল, যেখানে আমি একাই সম্পূর্ণভাবে অসহায় অবস্থানে ছিলাম।
এরপর তিনি সেই একই অস্বস্তিকর হাসি বজায় রেখে আমাকে বলেন, “যা।”
তার এই কথার পর আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে সিএনজির দিকে ফিরে যাই এবং সেখান থেকে চলে আসি।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এটি আমার জীবনে প্রথমবারের মতো ঘটে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও একই চেকপোস্টে অন্তত দুইবার আমি শুধুমাত্র আমার লিঙ্গ পরিচয়ের কারণে একই ধরনের অতিরিক্ত কৌতূহল, অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং অপমানজনক আচরণের মুখোমুখি হয়েছি। ফলে আমার কাছে এটি আর কোনো ব্যক্তিগত ভুল বোঝাবুঝি বা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয় না; বরং এটি একটি পুনরাবৃত্ত এবং কাঠামোগত সমস্যার ইঙ্গিত বহন করে, যেখানে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের মর্যাদা ও অধিকারকে সমানভাবে বিবেচনা করা হয় না।
আমি বিশ্বাস করি, সীমান্ত নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিটি নাগরিকের মানবিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা এবং সমান আচরণ পাওয়ার অধিকার রয়েছে। একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি হওয়ার কারণে আমাকে অতিরিক্ত সন্দেহের চোখে দেখা, আমার শরীরকে কৌতূহলের বস্তুতে পরিণত করা, আমার পরিচয়কে উপহাসের বিষয় বানানো এবং জনসমক্ষে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা এবং ভবিষ্যতে ট্রান্সজেন্ডার ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি মানবিক, পেশাদার এবং অধিকারভিত্তিক আচরণ নিশ্চিত করার দাবি জানাই। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সকল নাগরিকের জন্য সমান মর্যাদা ও নিরাপত্তার জায়গা হবে, এই প্রত্যাশাই করি।
ট্রিয়ানা নয়নতারা হাফিজ একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার, অ্যাক্টিভিস্ট এবং মডেল।
